নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকার আঞ্চলিক সড়কে বেপরোয়া যানবাহন চলাচল ও ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্যে সাধারণ মানুষের যাতায়াত চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ‘জৈনপুর এক্সপ্রেস’ নামক বাসটির বিরুদ্ধে প্রতিনিয়ত বেপরোয়া গতি ও অনিয়মের অভিযোগ তুলছেন পথচারীরা। সর্বশেষ এই বাসের ধাক্কায় অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন চাঁদপুর জেলা এনসিপির মতলব অঞ্চলের নেত্রী ইসরাত জাহান বিন্দুর বাবা ও মা। দুর্ঘটনায় তারা উভয়েই আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দুর্ঘটনার বিষয়টি জানান ইসরাত জাহান বিন্দু। একই সঙ্গে এলাকার জানমালের নিরাপত্তা ও নিরাপদ সড়কের দাবিতে মতলবের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
ইসরাত জাহান বিন্দুর ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির জৈনপুর এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মা-বাবাকে বহনকারী গাড়িটি সড়কের কিনারে ছিটকে পড়ে। এতে তাঁরা আহত হন। বড় ধরনের প্রাণহানি না ঘটলেও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি মতলবের সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল, চালকদের বেপরোয়া গতি এবং সড়ক নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত কার্যকর উদ্যোগ ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানান তিনি।
দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মতলবের সড়কে জৈনপুর এক্সপ্রেসসহ বিভিন্ন দূরপাল্লার ও স্থানীয় বাস বেপরোয়া গতিতে চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে দ্রুত অভিযান না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত