নিজস্ব প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের মননশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লীন চাঁদপুর’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ক, খ ও গ—এই তিনটি বিভাগে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, চোখের সঠিক যত্ন ও দৃষ্টিশক্তি সুস্থ রাখার বিষয়ে সচেতনতা তৈরি করা সবার দায়িত্ব। শিশুদের ছোটবেলা থেকেই চোখের যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার ওপর তিনি গুরুত্ব দেন। চোখের কোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেন তিনি।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কনের মতো সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মেধা ও কল্পনাশক্তির বিকাশে সহায়ক। সামাজিক সচেতনতা তৈরি ও পরিচ্ছন্ন সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ক্লীন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। তিনি বলেন, পরিচ্ছন্ন, সচেতন ও মানবিক সমাজ গঠনে শিশু-কিশোরদের সম্পৃক্ত করা প্রয়োজন। দৃষ্টিশক্তি সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। এ সময় বিজয়ী প্রতিযোগী, অভিভাবক ও ‘ক্লীন চাঁদপুর’-এর সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও সনদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত