নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় জমি পরিমাপকে কেন্দ্র করে আয়োজিত এক সালিশি বৈঠকে শামীম মিজি (৫৬) নামে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত শামীম মিজিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শামীম মিজি চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৪ নম্বর মহল্লা কমিটির সভাপতি। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে জমি পরিমাপকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, বিষ্ণুদী এলাকায় আল-আমিন গাজীর কাছ থেকে ফরিদ খন্দকারের কেনা একটি জমির পরিমাপ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চাঁদপুর সদর মডেল থানার মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার সকালে সার্ভেয়ার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনোয়ারের উপস্থিতিতে জমি পরিমাপ শুরু হয়। পরিমাপের সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হলে সমাধানের জন্য সালিশি বৈঠক বসে।
অভিযোগ করা হয়েছে, বৈঠক চলাকালে একই এলাকার মৃত জব্বর খন্দকারের ছেলে মনির খন্দকার (৫০), তার ভাতিজা মানিক খন্দকার, পারভেজ খন্দকার ও মমিন খন্দকারসহ ৮-১০ জন শামীম মিজির ওপর হামলা চালান। তারা কাঠের রুয়া, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শামীম মিজির হাত, পা, পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
শামীম মিজির দাবি, তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে প্রতিপক্ষ তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন শামীম মিজি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মনির খন্দকার। তার বক্তব্য, আত্মীয়ের জমি মাপজোখের জন্য তারা বসেছিলেন; শামীম মিজি সেখানে এসে অসংলগ্ন কথাবার্তা বললে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত