নিজস্ব প্রতিনিধি: কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামের দু শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে আসা বিল্লাল হোসেনের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো-ফুফাতো বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রের ভাষ্য, দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখা গেলে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। এরপর তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
দু শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, পুকুরের পানিতে ডুবে দু শিশুর মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত