নিজস্ব প্রতিনিধি: জনগণ ভোট দিয়েছে তাদের কল্যাণের জন্য, তাই যে কোনো কাজের বিষয়ে দপ্তর প্রধানদের সরাসরি অবহিত করতে হবে—এ নির্দেশনা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই পরিবর্তন নয়; প্রকৃত পরিবর্তনের জন্য মানুষের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সরকারি সেবার মানোন্নয়ন ও অনিয়ম রোধে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
ওএমএসের চাল সাধারণ মানুষের কাছে সঠিকভাবে না পৌঁছানোর অভিযোগে ডিলারদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। পাশাপাশি পাসপোর্ট অফিসকে দ্রুত দালালমুক্ত করার তাগিদ দেন তিনি।
শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা এবং চাঁদপুরের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত এসবি খাল অবৈধ দখলমুক্ত করার নির্দেশও দেওয়া হয়। যেখানে-সেখানে ময়লা ফেলা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভায় হাইমচরের জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কার, নতুন সড়ক নির্মাণে বাধা সৃষ্টিকারী বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা অপসারণ এবং নামাজের সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ নিধনের খবরে উদ্বেগ প্রকাশ করে নদীতে নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়। জলাতঙ্ক প্রতিরোধে কুকুর-বিড়ালের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদও দেওয়া হয়।
স্থানীয় জনদুর্ভোগের চিত্র সরাসরি দেখতে আগামী শুক্রবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ বাসায় আমন্ত্রণ জানিয়েছেন সংসদ সদস্য। সভা শেষে জন্মনিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় চাঁদপুরের তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত