নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির সামনের একটি স্টেশনারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দোকানের টিনের চাল কেটে নগদ টাকা ও মালপত্রসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। এই আকস্মিক চুরিতে এখন দিশেহারা খুদে দোকানি মোহাম্মদ উল্যাহ আরিফ।
ক্ষতিগ্রস্ত আরিফ স্থানীয় সর্দার বাড়ির তরিক উল্যার ছেলে। দুই সন্তান, বাবা-মা ও স্ত্রীকে নিয়ে তার ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলত।
স্থানীয় সূত্রে জানা যায়, এনজিও থেকে ঋণ নিয়ে এবং শ্বশুরবাড়ি, ভায়রা ভাই ও দোকানভিটির মালিকের কাছ থেকে ধার করে প্রায় এক বছর আগে দোকানটি চালু করেন আরিফ। তার ভাষ্য, এক রাতের চুরিতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
দোকানি জানান, রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সোমবার ভোরে পাশের দোকানি জামাল ও জাকির ফোন করে তাকে দোকানে আসতে বলেন। তারা জানান, দোকানের টিনের চাল কাটা হয়েছে।
দোকানে এসে আরিফ দেখতে পান, চালের টিন কাটা এবং ভেতরের মালপত্র এলোমেলো। হিসাব করে তিনি জানান, ২৫ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মঙ্গলবারের কিস্তির জন্য রাখা ২৯ হাজার টাকা এবং পারিবারিক সমিতির ১৫ হাজার টাকাসহ মোট প্রায় ৬৯ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে।
আরিফের ধারণা, চোরেরা আগে থেকেই বিষয়টি জানত। কারণ, তার দাবি অনুযায়ী, টাকার নির্দিষ্ট উৎসস্থলগুলো থেকেই নগদ অর্থ নেওয়া হয়েছে। তিনি জানান, এনজিও থেকে ৪ লাখ টাকা, শ্বশুর ও ভায়রা ভাইয়ের কাছ থেকে দেড় লাখ এবং দোকানের মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখনো কোনো পাওনাদারকে টাকা পরিশোধ করতে পারেননি বলেও জানান তিনি।
পাশের দোকানের ব্যবসায়ী জাকির ও জামাল জানান, ভোরে দোকান খুলতে এসে তারা সামনের লম্বা টেবিলটি দেখতে পাননি। পরে দোকানের পেছনে গিয়ে টেবিলটি দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা অবস্থায় দেখতে পান। তখন তারা আরিফের দোকানের চাল কাটা দেখতে পান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, দোকানে চুরির ঘটনাটি তিনি শুনেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত