নিজস্ব প্রতিনিধি: গত সোমবার (১২ অক্টোবর ২০২৬) আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে মোট পাঁচটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন সামনে রেখে ফরিদগঞ্জে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন। নিজ নিজ এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতিতে সময় দিচ্ছেন তারা।
ফরিদগঞ্জ উপজেলায় সর্বশেষ ইউপি নির্বাচন হয় ২০২২ সালের ৫ জানুয়ারি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী, পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কথা।
২০২৭ সালের জানুয়ারিতে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। এর ব্যতিক্রম ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ও ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন। পাইকপাড়া দক্ষিণে নির্বাচন হয় ২০২২ সালের ২৮ নভেম্বর এবং ফরিদগঞ্জ দক্ষিণে ভোট হয় ২০১৯ সালের ২৫ জুলাই।
সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নির্বাচনী মাঠের রাজনৈতিক সমীকরণ বদলেছে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামনে আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও এবার বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে। তবে ফরিদগঞ্জকে বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয়েছে। উপজেলা বিএনপির কমিটি গঠন না হওয়ায় দলটির অভ্যন্তরীণ প্রচারণায় কিছুটা স্থবিরতা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কমিটির নেতৃত্ব কারা পাচ্ছেন, তার ওপর দলটির চূড়ান্ত প্রার্থিতা নির্ভর করতে পারে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান জানান, ফরিদগঞ্জে ইউপি নির্বাচন দ্বিতীয় অথবা তৃতীয় ধাপে হতে পারে। নির্বাচন যখনই হোক, সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান।
ফরিদগঞ্জ উপজেলায় মোট ১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত