নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি চাঁদপুর শহরের একাধিক পূজামণ্ডপ ঘুরে নিরাপত্তার সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পূজামণ্ডপে আসা ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার। অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সতর্কতা, নজরদারি জোরদার এবং পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
নাদিরা নূর বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে নিরাপদে উৎসবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সবার পারস্পরিক সহযোগিতা জরুরি বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে শারদীয় দুর্গোৎসব নিরাপদ ও আনন্দময় রাখতে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত