নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনীতিতে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন আইডিতে মিছিলটির ভিডিও দেখা যেতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে ওই দিন ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরে দুপুরে তিনি নিজের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিও প্রকাশের পর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেটি স্বাগত জানিয়ে নিজ নিজ অ্যাকাউন্টে শেয়ার করেন।
ঘটনার সত্যতা ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন জানান, লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিছিলটি বের করা হয়েছিল। তিনি বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মিছিলের ভিডিও তিনি পেয়েছেন। তাঁর ধারণা, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যরা ব্যস্ত থাকার সুযোগে রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চণ্ডীপুর এলাকায় মিছিলটি হয়ে থাকতে পারে। ভিডিওটি মঙ্গলবার পোস্ট করা হলেও মিছিলটি এর আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
ওসি বলেন, মিছিলটির সঠিক স্থান, সময় এবং জড়িতদের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত