নিজস্ব প্রতিনিধি: মতলব উত্তরে বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন খোকন উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের এলাহী প্রধানের ছেলে। তিনি কনজুমার পণ্যের ডিলার ছিলেন।
প্রত্যক্ষদর্শী গোলাম নবী খোকনের ভাষ্য, আক্তার হোসেন মোটরসাইকেলে করে মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। পথে সাহেব বাজারের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেড়িবাঁধ সড়কে অবৈধ ও বেপরোয়া বালুবাহী ট্রলির চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলিটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত