নিজস্ব প্রতিনিধি: শাশুড়ির সঙ্গে ভুল বোঝাবুঝি ও অভিমানে ভাঙতে বসেছিল একটি নবদম্পতির সংসার। অবশেষে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের মানবিক হস্তক্ষেপে সেই সংকটের সমাধান হয়েছে। তাঁর উদ্যোগে নতুন করে সংসার জীবন শুরু করার সুযোগ পেয়েছেন নওমুসলিম রিয়া আক্তার। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং ওসির উদ্যোগের প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের এক সনাতন ধর্মাবলম্বী নারী ইসলাম ধর্ম গ্রহণ করে একই এলাকার আব্দুল্লাহর ছেলে রাব্বিকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর সংসারের আর্থিক সচ্ছলতার জন্য রাব্বি বিদেশে যান। এরপরই সংসারে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ ওঠে, রাব্বির অগোচরে তাঁর মা ও চাচা রিয়াকে তালাক দিতে বাধ্য করার চেষ্টা করেন।
সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের নজরে আসে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং রিয়ার শাশুড়ি ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন।
২২ অক্টোবর ২০২৬ দুপুরে উভয় পক্ষকে থানায় ডেকে নেওয়া হয়। সেখানে ওসি আজিজুল ইসলাম রিয়া আক্তার ও তাঁর শাশুড়ির বক্তব্য শোনেন এবং পারস্পরিক অমিল দূর করার উদ্যোগ নেন। দীর্ঘ আলোচনার পর শাশুড়ি ও পুত্রবধূ নিজেদের ভুল বুঝতে পারেন। তাঁরা বিচ্ছেদ না ঘটিয়ে একসঙ্গে সংসার গুছিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
রিয়া আক্তার বলেন, একজন মানবিক ওসির উদ্যোগে তাঁর ভেঙে পড়া সংসার রক্ষা পেয়েছে এবং তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। ওসি মো. আজিজুল ইসলাম জানান, একটি ভেঙে যাওয়া পরিবারকে পুনরায় একত্র করতে পেরে তিনি আনন্দিত। তাঁরা যেন ভবিষ্যতে সুখী ও শান্তিতে থাকতে পারেন, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবেদনশীল ঘটনার সমাধান হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি আজিজুল ইসলামের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত