নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট দলিল লেখক মিয়া মো. ইকবাল হোসেন (৭০)কে দু দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ভোররাতে বাকিলার খলাপাড়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সমাজসেবক বিল্লাল হোসেন মজুমদার, মরহুমের সহোদর ডা. ইশতিয়াক, উপজেলা যুবদল নেতা মোবাশ্বের হোসেন মোল্লা, বাকিলা পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবু তাহের এবং মরহুমের জ্যেষ্ঠ পুত্র রাকিবুল ইসলাম রকিব বক্তব্য দেন। জানাজা পরিচালনা করেন বাকিলা উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম হাফেজ মাহবুব।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় মুসল্লি এবং মরহুমের স্বজনেরা অংশ নেন। পরে বাকিলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ও ইউপি সদস্য আবুল বাশারসহ অন্য সদস্যরা।
একই দিন বাদ আসর মরহুমের পৈতৃক নিবাস শ্রীপুর গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
মিয়া মোহাম্মদ ইকবাল হোসেন এর আগে বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি হাজীগঞ্জের পরিচিত ও প্রবীণ দলিল লেখক ছিলেন। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সহ-সভাপতি পদে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত