নিজস্ব প্রতিনিধি: পৌরবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে শাহরাস্তি পৌর এলাকার একটি খালের জমে থাকা বর্জ্য অপসারণের ব্যবস্থা করেছেন পৌর প্রশাসক মনিরা খাতুন।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে শাহরাস্তি পৌর প্রশাসক পৌরসভার বিভিন্ন স্থানে বর্জ্য জমে থাকার বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান। এর পর কয়েকজন নাগরিক সামাজিক মাধ্যম ও সরাসরি যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট কিছু স্থানে বর্জ্য জমে থাকার তথ্য তাঁকে জানান।
খবর পেয়ে ছুটির দিন হওয়া সত্ত্বেও পৌর প্রশাসক সরেজমিনে পরিদর্শনে বের হন। এ সময় পৌরসভার প্রাণকেন্দ্র মেহের কালীবাড়ী সংলগ্ন খালে বিপুল পরিমাণ বর্জ্য জমে থাকতে দেখা যায়। পাশাপাশি মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপের কারণে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অধিবাসীদের দুর্ভোগের বিষয়টিও তিনি জানতে পারেন।
পরিস্থিতি পর্যবেক্ষণের পর মনিরা খাতুন তাৎক্ষণিকভাবে খালের বর্জ্য অপসারণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলাম দুপুরের মধ্যেই এক্সেভেটর (ভেকু) এনে বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।
দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা পৌর প্রশাসকের পদক্ষেপকে সাধুবাদ জানান এবং পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার এই ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।
পৌর প্রশাসক মনিরা খাতুন জানান, পৌরসভার পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে তাঁরা সবসময় সচেষ্ট। পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে যেকোনো স্থানে জমে থাকা বর্জ্যের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সচেতন নাগরিকদের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত