নিজস্ব প্রতিনিধি: সন্তানের জন্য বাবা-মার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হলো একটি সুন্দর নাম। আল্লাহ বলেন, ‘তোমরা তাদের পিতৃ পরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জান, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আহযাব : ৫)।
রাসূল (সা.) বলেছেন, কেয়ামতের দিন মানুষকে তার নিজের ও পিতৃপুরুষের নাম ধরে ডাকা হবে। তাই সুন্দর নাম বেছে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সন্তানের সুন্দর নাম রাখা এবং তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।
সন্তান জন্মের সপ্তম দিনে নাম রাখা মুস্তাহাব। তবে জন্মের প্রথম দিন বা অন্য কোনো দিন নাম রাখাও জায়েজ। এমনকি জন্মের আগেও নাম রাখা যায়। নাম নির্বাচনের ক্ষেত্রে কোনো আলেম বা নেককার ব্যক্তির পরামর্শ নেওয়া শ্রেয় বলে উল্লেখ করা হয়েছে।
হাদিসে আবদুল্লাহ ও আবদুর রহমানকে সর্বোত্তম নাম বলা হয়েছে। আল্লাহর দাসত্ব প্রকাশ করে—এমন ‘আব্দ’ যুক্ত নাম রাখা মুস্তাহাব। তবে আল্লাহর নাম ছাড়া অন্য কারও নামে ‘আব্দ’ যুক্ত করা জায়েজ নয়। আল্লাহর প্রশংসা বোঝায় এমন নাম, যেমন মাহমুদ, হামেদ ও আহমাদ, রাখা ভালো। নবি-রাসূলদের নামেও সন্তানের নাম রাখা মুস্তাহাব।
সুন্দর অর্থবোধক যে কোনো নাম রাখা যায়। তবে আল্লাহর জন্য নির্দিষ্ট নাম—যেমন আল্লাহ, রহমান ও রহিম—একা ব্যবহার করা যাবে না; আবদুর রহমান ও আবদুর রহিম রাখা যায়। আল্লাহর দুশমন, মূর্তি বা রাজকীয় গৌরব প্রকাশকারী কিছু নাম রাখাও নিষেধ বলে উল্লেখ করা হয়েছে।
মন্দ নাম পরিবর্তন করে ভালো নাম রাখা নবিজির সুন্নত। মৃত অবস্থায় জন্ম নেওয়া বা গর্ভে মারা যাওয়া সন্তানের নাম রাখাও মুস্তাহাব বলে ইমাম নববি (রহ.)-এর মত উল্লেখ করা হয়েছে। ছেলে না মেয়ে বোঝা না গেলে উভয়ের জন্য প্রচলিত নাম রাখার নিয়ম রয়েছে।
কেউ কষ্ট না পেলে নামের কোনো অক্ষর বাদ দিয়ে সংক্ষেপে ডাকা জায়েজ। ভালো উপাধি দেওয়া বৈধ হলেও মন্দ উপাধি দেওয়া হারাম। ছেলের নামে কুনিয়াত বা উপনাম রাখা বৈধ। অপরিচিত কাউকে এমনভাবে সম্বোধন করা উচিত, যাতে সে কষ্ট না পায় এবং মিথ্যার আশ্রয় না হয়। বাবা-মায়ের নামের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে নাম রাখার প্রচলনের ইসলামে বিশেষ কোনো গুরুত্ব নেই; তবে এটিকে জরুরি মনে না করলে এতে দোষ নেই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত