নিজস্ব প্রতিনিধি: গুঞ্জন রয়েছে, ফরিদগঞ্জের অন্যান্য ইউনিয়ন থেকে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নির্বাচনী মাঠের সমীকরণ হবে ভিন্ন। কারণ, এটি বর্তমান সংসদ সদস্যের নিজ ইউনিয়ন। জাতীয় নির্বাচনেও এখানে বর্তমান এমপি আব্দুল হান্নান রেকর্ড ব্যবধানে বিজয়ী হয়েছেন; যা অনেকে অস্বাভাবিক হিসেবেও দেখছেন। সংগত কারণেই এখানকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সংসদ সদস্যের গ্রিন সিগন্যাল বা আশীর্বাদের দিকে তাকিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এই ইউনিয়নবাসী এই প্রথম কোনো সংসদ সদস্য পেলেন।
ফরিদগঞ্জের ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আয়তন ১৬.৯৮ বর্গকিলোমিটার। ইউনিয়নটিতে ১৭টি গ্রাম, চারটি বড় বাজার—মুন্সিরহাট, সাহার, কামতা ও শোল্লা—এবং একতা নামে একটি ছোট বাজার রয়েছে। এর পশ্চিমে বালিথুবা পূর্ব ইউনিয়ন, দক্ষিণে পাইকপাড়া উত্তর ইউনিয়ন ও গুপ্টি পূর্ব ইউনিয়ন, পূর্বে সুবিদপুর পূর্ব ইউনিয়ন এবং উত্তরে হাজীগঞ্জ উপজেলা। উপজেলা এলজিইডির অসহযোগিতার কারণে ইউনিয়নের পাকা, সলিং ও কাঁচা সড়কের মোট দৈর্ঘ্য জানা যায়নি।
ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৯৭৪ এবং নারী ১১ হাজার ৪৫৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ৯টি, ভোটকক্ষ ৪৬টি।
বর্তমান চেয়ারম্যান মো. মহসীন হোসেন। তিনি আওয়ামী লীগ আমলে বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সুসময়েও তিনি প্রার্থী হবেন বলে অনেকে প্রত্যাশা করছেন। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হানিফ মিয়া।
২০২৭ সালের নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল খলিফা, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বিএনপি নেতা মো. ফারুক হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু ইউসুফ শাওন চৌধুরী।
জামায়াত সমর্থিত সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ব্যবসায়ী মো. সরওয়ার হোসেন আসিফ। তবে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা বা গঠন হলে প্রার্থীর তালিকায় পরিবর্তন আসতে পারে বলে তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত