নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষাক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের নতুন পথ উন্মোচনের লক্ষ্যে অস্ট্রেলিয়া সফর করছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে ৬ দিনব্যাপী (২৫–৩০ অক্টোবর ২০২৬) এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি ইউনিভার্সিটি অব সিডনি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি ও টিএএফই এনএসডব্লিউ পরিদর্শন করেছে। এ সময় আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ম্যাককুয়ারি ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল) অধ্যাপক অ্যান্থনি কাহালান এবং ইউনিভার্সিটি অব সিডনির আন্তর্জাতিক অংশীদারত্ব ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানিয়েল মুইরের সঙ্গে পৃথক বৈঠকও হয়।
প্রতিনিধি দলে রয়েছেন অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার ভিক সিং এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের জ্যেষ্ঠ পরিচালক মোস্তাফিজুর রহমান। এডাস্টের চেয়ারম্যানসহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি ও উচ্চশিক্ষা খাতের অংশীজনেরাও দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স (এআইইসি) ২০২৬’-কে কেন্দ্র করে সফরটির আয়োজন করা হয়েছে। সম্মেলনে বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক শিক্ষা খাতের নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
ড. মো. সবুর খান বলেন, দ্বিপক্ষীয় আলোচনার সিদ্ধান্তগুলোকে বাস্তবভিত্তিক অংশীদারত্বে রূপ দেওয়া জরুরি। তাঁর মতে, এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে।
শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, সফরটির মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উচ্চতর গবেষণায় টেকসই অংশীদারত্ব তৈরি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত