নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধিগ্রহণ করা জায়গা এবং ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমানের স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেন চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।
আদেশে বলা হয়, প্রায় দুই মাস আগে সওজ অধিদপ্তর বাবুরহাট এলাকায় তাদের অধিগ্রহণ করা জায়গার অবৈধ স্থাপনাগুলো আইন অনুযায়ী উচ্ছেদ করে। পরে চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজারসংলগ্ন পশ্চিম পাশে পথচারীদের ফুটপাত ও সড়ক বিভাগের জায়গা দখল করে পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাবুরহাটে মহাসড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং জনভোগান্তি বাড়ছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সরকারি উদ্যোগে উচ্ছেদের পর পুনরায় সরকারি জমি দখল করা গুরুতর অপরাধ। সড়ক ও ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৩১ ধারা এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য ও আমলযোগ্য অপরাধ।
সরকারি জমি দখলমুক্ত রাখা এবং যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় ১২ নভেম্বর ২০২৬-এর মধ্যে সরেজমিনে তদন্ত করে ওই এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অবৈধ দখলদারদের নাম-ঠিকানাসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন আদালত।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত