নিজস্ব প্রতিনিধি: ভোর থেকে গভীর রাত পর্যন্ত মূল সড়ক থেকে গ্রামের আনাচেকানাচে লাউডস্পিকারে গান বাজিয়ে ও উচ্চশব্দে মাইকিং করে পণ্য বিক্রির হিড়িক চলছে। পাশেই স্কুল-মাদরাসা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে কি না, সেদিকে যেন কারও ভ্রূক্ষেপ নেই। দিন দিন এই প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ আকার ধারণ করছে শব্দদূষণ।
এ পরিস্থিতি থেকে প্রতিকার এবং উচ্চশব্দে মাইকিং বন্ধের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বরাবর গণস্বাক্ষরযুক্ত আবেদন করেছেন পৌর এলাকার ভাটিরগাঁও ও রুদ্রগাঁও গ্রামের বাসিন্দারা।
এলাকাবাসীর পক্ষে আবেদনকারী মো. মেহেদী আশরাফ লিমন জানান, দীর্ঘদিন ধরে তাদের এলাকাসহ আশপাশের অঞ্চলে ভ্যান ও ইজিবাইকে লাউডস্পিকার বাজিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। এতে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাস্তার পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান এবং মসজিদে নামাজ আদায়ে বিঘ্ন ঘটছে। বয়োবৃদ্ধ, শিশু এবং হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিক কষ্টে ভুগছেন বলেও তিনি জানান।
লিমনের ভাষ্য, উচ্চশব্দে মাইক না বাজানোর অনুরোধ করে ফেরিওয়ালাদের ছোট হ্যান্ডমাইক ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও এতে পরিবর্তন আসেনি। বরং তারা অশালীন আচরণ ও গালমন্দ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা’ অনুযায়ী বিনা অনুমতিতে আবাসিক এলাকায় উচ্চশব্দে মাইকিং নিষিদ্ধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে উল্লেখ করে লিমন বলেন, জনভোগান্তি কমাতে গত ২৬ অক্টোবর ইউএনওর কাছে গণস্বাক্ষরযুক্ত আবেদন জমা দেওয়া হয়েছে। ইউএনও তাদের আশ্বস্ত করে ইতিবাচক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।
এ উদ্যোগের ফলে এলাকায় শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত