আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে কালিবাড়ি মাঠের পূর্ব পাশের প্রধান সড়ক ও ফুটপাত উচ্ছেদের পর আবারও বেদখল হয়ে পড়েছে। প্রশাসনের একাধিক উচ্ছেদ অভিযান ও নোটিশের পরও বন্ধ হচ্ছে না অবৈধ দখলদারিত্ব। অভিযান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে পুনরায় বসানো হচ্ছে দোকানপাট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও সাধারণ যাত্রীরা।
জানা যায়, কালিবাড়ি মাঠের পূর্ব পাশের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে প্রথমে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর কিছুদিনের জন্য স্বাভাবিক হয় পথচারীদের চলাচল। তবে কয়েক দিন যেতে না যেতেই আবারও আগের অবস্থায় ফিরে যায় এলাকাটি। ফুটপাত ও সড়কের জায়গা দখল করে পুনরায় বসানো হয় দোকানপাট।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু একাধিকবার প্রশাসনিক উদ্যোগ নেওয়ার পরও স্থায়ীভাবে দখলমুক্ত রাখা সম্ভব হয়নি এলাকাটি। উচ্ছেদের পর আবারও একই স্থানে দোকানপাট বসিয়ে দখলে নেওয়া হচ্ছে ফুটপাত ও মাঠের একাংশ।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতের বড় একটি অংশ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার দখলে রয়েছে। পথচারীদের চলাচলের সুবিধার্থে নির্মিত ড্রেনের ওপরও কয়েকটি হোটেলের চুলা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দোকানিরা ফুটপাত ও চলাচলের জায়গায় মালামাল রাখায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
অন্যদিকে উপজেলার কালিবাড়ী বাজার ও ঠাকুর বাজার এলাকাতেও দিনের বেলায় পণ্য লোড-আনলোডের কারণে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক দোকানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় প্রধান সড়কের ওপরই মালামাল ওঠানামার কাজ করা হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ফুটপাত ব্যবহার করতে না পেরে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কার্যকর তদারকির অভাবে আবারও দখলদারিত্ব ফিরে আসছে। ফলে সরকারি জায়গা দখলমুক্ত করার উদ্যোগ বারবার নেওয়া হলেও এর সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।
এলাকাবাসীর দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। উচ্ছেদের পর জায়গাগুলো পুনরায় দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি, অবৈধ স্থাপনা অপসারণ এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ঠাকুর বাজার এলাকায় সড়কের ওপর লোড-আনলোড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে শাহরাস্তি পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান জানান, ফুটপাত অবৈধ দখলসহ কয়েকটি বিষয়ে কয়েকজন ব্যক্তি পৌর প্রশাসকের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। এসব বিষয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত