
নারায়ন রবিদাস :ডিজিটাল যুগের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর আয়োজনে ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
শনিবার (২৬ জুলাই) সকালে কর্মশালার উদ্বোধন করেন সিআইপি মোতাহের হোসেন পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, মানবাধিকার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন ভূঁইয়া, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুল আলম, এবং হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া।
প্রশিক্ষণের প্রথম দিনে ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান এবং শেষ দিনে প্রশিক্ষণ পরিচালনা করবেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। পরে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। সে বাস্তবতায় সাংবাদিকদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণে মাল্টিমিডিয়া রিপোর্টিং, মোবাইল জার্নালিজম (এমওজো), ডিজিটাল কনটেন্ট নির্মাণ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ভিডিও স্টোরিটেলিং এবং আধুনিক সংবাদ উপস্থাপনার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার এই সময়ে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি আরও বস্তুনিষ্ঠ, দ্রুত ও আধুনিক উপায়ে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।