
সোমবার (৩১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিন তালগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক হাবিব বেপারী ওই এলাকার হাশেম বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় বিপুল পরিমাণ জিরা ও ভারতীয় কাপড় মজুতের খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৫ বস্তা জিরা এবং একটি ভবন থেকে ২৪ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। উদ্ধার করা পণ্যের সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় বিভিন্ন পণ্য এনে ওই এলাকায় মজুত করে আসছিল। পরে সুযোগ বুঝে এসব পণ্য ঢাকার বিভিন্ন বাজারে নেওয়া হতো। রাতের আঁধারে ভারতীয় কাপড় ও জিরা এনে মজুত করা হতো বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, বেশ কয়েক বস্তা কাপড় ও জিরা উদ্ধার করা হয়েছে। মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা ছেড়ে দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য স্থানীয়দের কেউ কেউ প্রায় অর্ধকোটি টাকা বা তারও বেশি বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এর প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে।