
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট মোবারক মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় জনগণ জানান, প্রায় এক মাস আগে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বাবুরহাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সম্প্রতি উচ্ছেদ করা জায়গায় পুনরায় দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। অবৈধভাবে জায়গা দখল ও স্থাপনা নির্মাণের কারণে পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক পরিবেশ।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের যানজটের কারণে সাধারণ ক্রেতারা মার্কেটে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উচ্ছেদের পর সরকারি জায়গায় যাতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা ভূইয়া রেদওয়ানুর রহমান বলেন, যে জায়গা নিয়ে কথা হচ্ছে, সেটি সওজের কতটুকু এবং সেখানে আমাদের জায়গা পড়েছে কি না, তা যাচাইয়ের জন্য সার্ভেয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। জমির ম্যাপ ও নকশা দেখে আমাদের সীমানা নির্ধারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, যদি সেখানে আমাদের জায়গায় কোনো অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়, তবে তা উচ্ছেদ বা ভেঙে ফেলা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।