
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক কাজ শেষে সদর আলগী বাজারের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে যান সিভিল সার্জন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহমুদুন্নবীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডায়াগনস্টিক সেন্টারগুলোর ল্যাবরেটরি, ব্যবহৃত যন্ত্রপাতি এবং সামগ্রিক চিকিৎসাসেবার মান খতিয়ে দেখেন। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলার জন্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সিভিল সার্জন বলেন, হাইমচরের ডায়াগনস্টিক সেন্টারগুলো তুলনামূলকভাবে অন্যান্য উপজেলার চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে পরিদর্শনের সময় যেসব প্রতিষ্ঠানে কিছু ত্রুটি দেখা গেছে, সেগুলো দ্রুত সমাধান করে নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিদর্শনে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রোগীদের সঠিক রোগ নির্ণয় ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম কিংবা দক্ষ জনবলের ঘাটতি মেনে নেওয়া হবে না। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।