
নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি মো. আজাদ বেপারী দীপুকে (৩৭) ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ মৈশাদী বেপারী বাড়ির সামনে থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীপু ৪নম্বর ওয়ার্ড মৈশাদী গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, দীপু দীর্ঘদিন মাদক কারবারে জড়িত। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। তার কারবারে আরো লোক জড়িত আছে। তাদেরকে আইনের আওতায় আনলে মাদকের ভয়াবহতা কমবে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের নিয়মিত মাদক অভিযান চলমান। তারই অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দীপুকে আটক করে এবং তার কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।