
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের পাল বাজার ও কুমিল্লা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পাল বাজারের মানিক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটিতে জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
অন্যদিকে কুমিল্লা রোড এলাকার এইচ.এম.সি.এল (এমএলএম কোম্পানি)কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ এবং নিম্নমানের পণ্য বিক্রয়ের অভিযোগে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের সংরক্ষিত খালি প্যাকেট জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।