
বিশেষ প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে আগমন উপলক্ষে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের পরিচালক মো. ইউনুছ উল্লাহর সঙ্গে এক মতবিনিময় ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে রিয়াদের ইয়াসমিন রেস্টুরেন্টে ‘সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত সভায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক-নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জের প্রবাসী ব্যবসায়ী মো. ফয়েজ আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় ফোরামের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সহসভাপতি ব্যবসায়ী মো. জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদগঞ্জের প্রবাসী ব্যবসায়ী মো. মাসুদ রানা, কচুয়ার প্রবাসী ব্যবসায়ী মনির হোসেন, মতলবের প্রবাসী ব্যবসায়ী ওয়াসিম ও মো. মনির হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইউনুছ উল্লাহ বলেন, ব্যবসায়িক উদ্দেশ্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও তিনি মানুষের কল্যাণে কাজ করছেন। আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁর প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
মো. ইউনুছ উল্লাহ বলেন, অসহায় মানুষ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারবেন। বিশেষ করে প্রবাসীদের পরিবারের সদস্যরা সেখানে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে তিনি জানান।
মানবসেবায় তাঁর বেশ কিছু পরিকল্পনা ও স্বপ্ন রয়েছে উল্লেখ করে এসব জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।