
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার সাচার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। অভিযানসূত্রে জানা যায়, সাচার রেনেসাঁ হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নিবন্ধিত চিকিৎসক ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা করা হচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সেবা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের জন্য মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, হাসপাতালগুলোর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান তিনি। সরকারি বিধি-বিধান মেনে চলতে এলাকার অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে জানান অমিত রায়।
অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন এবং সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।