
নিজস্ব প্রতিনিধি: চীন সফর থেকে দেশে ফিরেই নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মাঝে ছুটে এলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান শেষে গত মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরেন ড. আ ন ম এহছানুল হক মিলন। পরদিন সকালে ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকা কচুয়ায় পৌঁছান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন জাতীয় ঐক্যের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
এ সময় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের আশ্বস্ত করেন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।