
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ওরফে ধান্দা রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনির ভূঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ আগস্ট চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ড ঘটে। মামলার প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৪১ এবং তারিখ ২৩ আগস্ট ২০১৫।
মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত রফিককে মৃত্যুদণ্ড দেন। তবে রায় ঘোষণার পরও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।