
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বাস থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এ সময় তিনটি বাসের বিরুদ্ধে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) মতলব রোডে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় অভিযানটি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ অন্যান্য কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬ (২) বিধি লঙ্ঘনের দায়ে দুটি মতলব এক্সপ্রেস ও একটি জৈনপুর এক্সপ্রেস বাস থেকে হর্নগুলো জব্দ করা হয়। সংশ্লিষ্ট বাসগুলোর বিরুদ্ধে যথাক্রমে ৫ হাজার, ২ হাজার ও ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।