
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩০ নম্বর মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শতভাগ ভর্তি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শতভাগ পাসের হার ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
সোহেল রুশদী বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে দুই-তিন মাস পরপর পরীক্ষা ও নিয়মিত মডেল টেস্ট নেওয়া প্রয়োজন। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে সহায়তা এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত না করার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, আর্থিক সংকটে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়ে নজর দিতে হবে। অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া, ভালো ফলের জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষকদের পুরস্কার এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, স্থানীয় বিএনপি নেতা, বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকেরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন মো. দিদার হোসেন মিজি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম।
এর আগে সকাল ১০টায় মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই উদ্দেশ্যে আরেকটি মা সমাবেশ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশেও প্রধান অতিথি ছিলেন সোহেল রুশদী। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।