
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে বাবুরহাটে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখার কারণে পরিবেশের মারাত্মক অবনতি ঘটেছে। দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার ফলে সেখানে শত শত টন ময়লার পাহাড় জমেছে। তীব্র দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে চাঁদপুর জেলা সদরের প্রধান এই প্রবেশপথটির বেহাল দশা তৈরি হয়েছে। ফলে চাঁদপুরে আসা পর্যটক, দর্শনার্থী ও সাধারণ যাত্রীদের শুরুতেই এক নেতিবাচক ধারণার মুখোমুখি হতে হচ্ছে। শহরে প্রবেশের মুখেই এমন নোংরা পরিবেশ দেখে পুরো শহর সম্পর্কে তাদের মনে বিরূপ ধারণা তৈরি হচ্ছে।
বাবুরহাট চাঁদপুর জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, হাজীগঞ্জ, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ইলিশের টানে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও এই পথ ব্যবহার করেন। প্রবেশমুখের ময়লার স্তূপ ও দুর্গন্ধের কারণে জেলা সম্পর্কে তাদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল জানতে চেয়েছেন, গুরুত্বপূর্ণ এই স্থানটি ময়লা ফেলার জায়গা হিসেবে কারা নির্ধারণ করেছে। তারা দ্রুত বর্জ্য অপসারণ, সংলগ্ন খাল রক্ষা এবং স্থানটির সৌন্দর্যবর্ধনের দাবি জানিয়েছেন। এলাকাবাসী বাবুরহাটকে পরিচ্ছন্ন ও নান্দনিক প্রবেশমুখ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং এ নিয়ে পৌরসভা কাজ শুরু করেছে। পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ কমাতে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের কথা জানান তিনি।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে যত্রতত্র ময়লা ফেলা গ্রহণযোগ্য নয়। পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন ব্যবহার করে বর্জ্য অপসারণ করা উচিত বলে মন্তব্য করে বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি।
সড়ক ও জনপথ অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, সড়ক ও জনপথের জায়গায় ময়লা ফেলা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। জায়গাটি পরিষ্কার করে ফুলের গাছ লাগিয়ে নান্দনিক রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সচেতন নাগরিকরা দ্রুত ময়লা অপসারণ, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং স্থানটির সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপ চান। এলাকাবাসী চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।