
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে হাফেজ্জী হজ কাফেলার নিবন্ধিত যাত্রীদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল হাই আকন্দ বাড়ি প্রাঙ্গণে অবস্থিত আকন্দ বাড়ি হোসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ্জী হজ কাফেলার পরিচালক হাফেজ মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম খাজা আহম্মদ উল্লাহ। তিনি ওমরাহ পালনের সুযোগকে সৌভাগ্যের বিষয় উল্লেখ করে সফরকালে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার এবং পবিত্র ভূমিতে ইবাদত-বন্দেগিতে সময় কাটানোর পরামর্শ দেন।
ওমরাহ পালনের মাসআলা-মাসায়েল ও সফরকালীন বিভিন্ন নিয়মকানুন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুফতি মোহাম্মদ উল্লাহ।
হাফেজ মোহাম্মদ জানে আলম জানান, ২০১৪ সাল থেকে তারা হজ ও ওমরাহ সেবা দিয়ে আসছেন। আগামী ১৫ সেপ্টেম্বর চাঁদপুর থেকে ৪০ জনের একটি কাফেলা ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দেবে। তারা সেখানে ১৪ দিন অবস্থান করে দেশে ফিরবেন।
হাফেজ্জী হজ কাফেলার চাঁদপুর প্রতিনিধি আব্দুল মতিন আকন্দ জানান, ২০২৪ সাল থেকে চাঁদপুরে কাফেলার স্থানীয় কার্যক্রম শুরু হয়েছে। গত তিন বছরে চাঁদপুর থেকে অনেকে এই কাফেলার মাধ্যমে হজ ও ওমরাহ পালন করেছেন বলে তিনি জানান।
সভায় বিগত বছরে এই কাফেলার মাধ্যমে হজ পালনকারী হাফেজ আহমেদ গোলদার ও মো. ওয়ালি উল্লাহ মোল্লা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সম্পাদন থেকে পুরো সফর পর্যন্ত কাফেলার ব্যবস্থাপনা সুশৃঙ্খল ছিল।
আলোচনা সভা শেষে কাফেলার যাত্রী ও দেশবাসীর কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি খাজা আহম্মদ উল্লাহ।