
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌরসভার অর্থায়নে শহরের গুরুত্বপূর্ণ ১৯টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও প্রশিক্ষণেও গুরুত্ব দিতে হবে। চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে একটি বিশেষ ইউনিট চালুর চিন্তাভাবনা চলছে। কারাগারে থাকা বন্দিদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
অপরাধ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে। তরুণদের অপসংস্কৃতি ও অপরাধ থেকে দূরে রাখতে সংস্কৃতি চর্চা ও ধর্মীয় অনুশাসন বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন। জনসচেতনতা সৃষ্টিতে প্রতি শুক্রবার মসজিদে মাদক, বিদ্যুৎ ও জননিরাপত্তা বিষয়ে বক্তব্য দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত কাজ অব্যাহত রাখা, অবৈধ ইটভাটা, অনুমোদনহীন পলিথিন ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে মোবাইল কোর্ট জোরদার এবং ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা ও অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ‘মিনি কক্সবাজার’ সংলগ্ন নদীপথে ট্রলার থেকে চাঁদাবাজির তথ্যের পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক বলেন, নদীপথে চাঁদাবাজি বা হয়রানি দমন করা হবে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। জেলায় মাদক প্রবেশ ঠেকাতে প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হচ্ছে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী অপরাধপ্রবণ এলাকায় সিসিটিভি স্থাপন ও তদারকি জেলা পুলিশের ওপর দেওয়া, সড়ক, রেল ও নৌপথে মাদকবিরোধী তল্লাশি বাড়ানো এবং জেনারেল হাসপাতালে মাদকসেবীদের চিকিৎসায় পৃথক ইউনিট গঠনের প্রস্তাব দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক সংগঠন ও বিভিন্ন উপজেলার কর্মকর্তারা বক্তব্য দেন।