
কুমিল্লা নগরীর মনোহরপুরস্থ শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের মন্দিরের ১১তম পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহানামযজ্ঞে প্রতিদিন বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। তিনি মন্দির প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান ঘুরে দেখেন এবং আয়োজক ও ভক্তদের সঙ্গে কথা বলেন।
মহোৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ট্রাস্টি নির্মল পাল, কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুব্রত চৌধুরী তপু এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার।
এ ছাড়া সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভক্ত-শ্রোতারা মহানামযজ্ঞে অংশ নেন। হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
মহানামযজ্ঞকে কেন্দ্র করে মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা প্রার্থনা ও নামসংকীর্তনে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানের একপর্যায়ে রাতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের প্রত্যাশা, ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞের মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।