
মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ (আওসবি)-এর উদ্যোগে ‘আওসবি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শারীরিক সুস্থতা, সুস্থ সংস্কৃতির চর্চা এবং শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানী কায়রোর তাব্বার কুবরি মাঠে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজনটি চলে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে আটটি দল ১২টি ম্যাচে অংশ নেয়। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে ওঠে।
সেমিফাইনালে ‘ব্লু লক’ ও ‘লিজেন্ডস ওয়ারিয়র্স’ এবং ‘সোকরুল কাহেরা’ ও ‘কিং অব তাব্বা’ মুখোমুখি হয়। পরে ফাইনালে ওঠে ‘ব্লু লক’ ও ‘কিং অব তাব্বা’। ফাইনালে ব্লু লককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিং অব তাব্বা।
দর্শকদের করতালি ও উৎসাহে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিকেলে শিশু-কিশোরদের জন্য দৌড় প্রতিযোগিতা, চকলেট কুড়ানোসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
মাগরিবের নামাজের পর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পর্ব শুরু হয়। সাংস্কৃতিক সম্পাদক মাহদী হাসান ও যুবায়ের আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন আওসবির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান, উপদেষ্টা মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল আজিজ তরফদার, সাবেক সদস্য প্রতিনিধি আখতারুজ্জামান এবং প্রবীণ শিক্ষার্থী আব্দুল্লাহ সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব বলেন, গ্রীষ্মকালীন ছুটি শেষে দুই সপ্তাহ পর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। শিক্ষার্থীরা যেন নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হতে পারে, সেই অনুপ্রেরণা দেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে।
তিনি আয়োজনের ব্যবস্থাপনা ও শৃঙ্খলার জন্য সাংস্কৃতিক বিভাগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের পুরস্কৃত করেন।
টুর্নামেন্টে ‘ব্লু লক’ দলের তামীম হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তাকে বিশেষ মেডেল দেওয়া হয়। রানার্সআপ দলের খেলোয়াড়দের রৌপ্য পদক এবং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের স্বর্ণপদক দেওয়া হয়। পরে দুই দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেওয়া হয়।