
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ড ঘটে। মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি সদর মডেল থানার ৪১ নম্বর মামলা, তারিখ ২৩ আগস্ট ২০১৫। জিয়ার ৪৬১/২০১৫।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আলিম সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেন। রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনির ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।
রফিকের গ্রেপ্তারের পর কোহিনূর হত্যা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।