
নিজস্ব প্রতিনিধি: মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ছেংগারচর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঠাগারটির ফলক উন্মোচন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের গুরুত্ব অনেক। ছেংগারচর পৌর পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ ও চর্চা বাড়বে।
জেলা প্রশাসক জানান, চাঁদপুর জেলার প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পাঠাগার স্থাপনের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে শিশুদের মধ্যে শৈশব থেকেই পাঠাভ্যাস গড়ে উঠবে এবং তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শাহ সুফিয়ান খান, প্রকৌশলী মান্নানুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম এবং জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।
এ ছাড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় শিক্ষার্থী ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।