
নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারী (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত ছলেমান বেপারীর ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছে উঠে ডাল কাটছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁর আর্তচিৎকার শুনতে পান। পরে তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনেরা দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপর তাঁর শরীরের বিভিন্ন অংশে আগুনের শিখা দেখা যাচ্ছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গাছ থেকে মরদেহ নিচে নামানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মহসিন।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আল-আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।