
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মোঃ হোসেন মিজি রিপনকে নিয়ে আলোচনা চলছে। স্থানীয় পর্যায়ে ভোটারদের সমর্থনে এগিয়ে থাকার দাবি করছেন তাঁর সমর্থকরা। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। ‘উন্নয়ন, শান্তি, প্রগতি’ স্লোগান সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন হোসেন মিজি রিপন।
হোসেন মিজি রিপনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দুইবার নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই দুই নির্বাচনেই তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এসব ঘটনার কারণে দুইবারই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁকে।
আগামী নির্বাচন নিয়ে আশাবাদী রিপন। তাঁর বিশ্বাস, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোট কারচুপির আশঙ্কা কম থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি তাঁকে মনোনয়ন দিলে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছেন তিনি।
স্থানীয়দের দাবি, ৪ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হোসেন মিজি রিপনের গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের মতে, দলীয়ভাবে তাকে মূল্যায়ন করা হলে নির্বাচনে তার পক্ষে ইতিবাচক ফল আসতে পারে। স্থানীয়রা আরও জানান, দলীয়করণের কারণে এর আগে দুবার নির্বাচনে অংশ নিয়েও তিনি সফল হতে পারেননি। তবে এবার তার জনসমর্থন রয়েছে বলে দাবি করছেন তারা। পাশাপাশি, বর্তমানে তার দল ক্ষমতায় থাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা আশাবাদী। স্থানীয়দের প্রত্যাশা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে হোসেন মিজি রিপনের জন্য জনসমর্থন কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় ভোটাররা।