
নিজস্ব প্রতিনিধি: যুক্তরাজ্যে প্রবাসী গোলাপগঞ্জবাসীদের অন্যতম শীর্ষ সামাজিক ও দাতব্য সংগঠন ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির (২০২৬-২০২৮) বর্ণাঢ্য অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর ২০২৬) লন্ডনের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা গোলাপগঞ্জ কমিউনিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
সংগঠনের ট্রাস্টি, উপদেষ্টা, সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজনটি গোলাপগঞ্জবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আবুল মনসুর অহিদ আহমেদ। এ সময় নির্বাচন কমিশনার শামীম আহমেদ ও মুছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ শেষে বিদায়ী কমিটির সভাপতি এমদাদ হোসেন টিপু নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
গত আগস্টে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নতুন কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম নজরুল। সঞ্চালনা করেন সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তমিজুর রহমান রঞ্জু। এ পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামজিদ কাদির এবং সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাসুক আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস শুকুর। মাসুক আহমেদ বলেন, সংগঠনটি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রবাসীদের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও সামাজিক উন্নয়নে নবগঠিত কমিটি আরও গতিশীল ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
নৈশভোজ, প্রীতি মেলবন্ধন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের তৃতীয় পর্ব শেষ হয়। সাংস্কৃতিক সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে লন্ডন বারা অব নিউহ্যামের নির্বাহী মেয়র ফরহাদ হোসেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিফা খানম, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর রাবিনা খান ও আমিনা আলী, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, সমাজকর্মী সৈয়দ নজরুল ইসলাম, সেলিম আহমেদ খান ও আরিফ মনজুর চৌধুরী মিঠু। শিক্ষাবিদ আব্দুর রকিব, লেখক ও গবেষক ফারুক আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ইমদাদুন খানমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীও অনুষ্ঠানে ছিলেন।
এ ছাড়া ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশে সংগঠনটির জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠান আয়োজনে ভূমিকার জন্য কমিউনিটি ব্যক্তিত্ব মিছবাহ মাছুমকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রবাসীদের ভ্রাতৃত্ব সুদৃঢ় করা এবং গোলাপগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।