
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে তাঁদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সকালে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা ফুল ও স্মারক উপহার দিয়ে নবীনদের স্বাগত জানান। পাশাপাশি বিভিন্ন ক্লাব, আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসির বুথে সেবা ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে। এরপর জাতীয় সংগীত ও ডিআইইউর থিম সং পরিবেশন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন অনুষদের ডিনদের শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. এ বি এম কামাল পাশা। নবীনদের উদ্দেশে বিশেষ বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তায় তাঁদের স্বাগত জানান।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি নিজের অভিজ্ঞতার আলোকে নবীন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। পরে বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্বে প্রিয়া রানী দে, মো. ফরহাদ হোসাইন, মো. সাজ্জাদুর রহমান শাওন ও প্রকৌশলী মো. রেজাউল করিম অংশ নেন। তাঁরা শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে নবীনদের সঙ্গে আলোচনা করেন।
‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার অধ্যাপক ড. এ বি এম কামাল পাশা।
আনুষ্ঠানিক পর্ব শেষে নলেজ টাওয়ারের সামনে নবীনদের ফটোশুটের আয়োজন করা হয়। বিকেলে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা ও নবীনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্স আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নবীন শিক্ষার্থীরা ডিআইইউর শিক্ষা পরিবেশ, কার্যক্রম ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত হন।