
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড ও পুলিশ অফিস সম্মেলন কক্ষে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের উপস্থাপনায় মাসিক কল্যাণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, আবাসন, চিকিৎসা, ছুটি ও রেশনসহ বিভিন্ন সমস্যা এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
পরে বিকেলে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্তের অগ্রগতি, অপরাধের ধরন ও প্রবণতা, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয় পর্যালোচনা করা হয়।
অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।