
ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ বাংলাদেশি সাঁতারুরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। গত রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ সর্বমোট ৪টি পদক অর্জন করে।
প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা এবং ৮১ কিলোমিটার পুরুষ—এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশ নেন।
বাংলাদেশ থেকে মোট নয়জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৯ কিলোমিটার ইভেন্টে ছয়জন এবং ৮১ কিলোমিটার ইভেন্টে তিনজন অংশ নেন।
১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ স্বর্ণপদক অর্জন করেন। ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার পান রৌপ্যপদক।
এ ছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু পলাশ চৌধুরী রৌপ্যপদক এবং সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে।