
নারায়ণ রবিদাশ : প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী দুই কৃতী কাব শিশু রুদ্র ও ইফফাতুরনেছাকে সংবর্ধনা দিয়েছে জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে (ইউআরসি) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম এবং ইউআরসির ইনস্ট্রাক্টর মো. সাদেক হোসেন।
আলোচনা সভা শেষে অতিথিরা দুই কাব শিশুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ফরিদগঞ্জ উপজেলা স্কাউটের ইউনিট লিডার জহিরুল ইসলাম জানান, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুদ্র এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইফফাতুরনেছা এ বছর শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়।
তারা ২৩ মে উপজেলা পর্যায়ে, ৭ জুন চাঁদপুর জেলা পর্যায়ে এবং ১০ জুন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। পরে ১৫ জুন জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে তারা। ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করে দুই শিশু।
রুদ্রের বাবা শ্যামল দাস বলেন, দরিদ্র পরিবারের সন্তান হয়েও তার ছেলে নিজের মেধা ও যোগ্যতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত। রুদ্র বড় হয়ে দেশের সেবা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সাফল্যের পেছনে কাব শিক্ষক জহিরুল ইসলামের অবদানের কথাও উল্লেখ করেন শ্যামল দাস।
শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষিকার মেধাবী কন্যা ইফফাতুরনেছা পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে।
গিয়াস কবির ও শিরিন সুলতানা বলেন, ফরিদগঞ্জের দুই শিশু জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে শিক্ষক পরিবার ও এলাকাকে সম্মানিত করেছে। তাদের অর্জন অন্য শিশুদের অনুপ্রাণিত করবে বলেও তারা মন্তব্য করেন।