
চাঁদপুরের বাবুরহাটে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে তিন দিনব্যাপী ‘কারিগরি শিক্ষা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর ড্যাফোডিল গ্রুপের উপ-পরিচালক মো. জাফর ইকবাল খান।
উদ্বোধনী ও সমাপনী আলোচনায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন জরুরি। তাঁদের মতে, কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করে এবং দেশ-বিদেশের কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়তা করে। শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন উদ্যোক্তা তৈরিতে কারিগরি শিক্ষার গুরুত্বও তুলে ধরেন তাঁরা।
মেলার অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি প্রযুক্তিনির্ভর মডেল ও ব্যবহারিক কাজের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। এতে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তার প্রকাশ ঘটে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মেলায় একটি পরামর্শ কেন্দ্রও ছিল। সেখানে কারিগরি শিক্ষায় উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে মেলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, মেলাটি চাঁদপুর অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে ভূমিকা রাখবে।