
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। তবে নির্বাচনে দলীয় সমর্থন ও প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।
চাঁদপুর জেলা শহরের কাছের গুরুত্বপূর্ণ ইউনিয়ন আশিকাটি। কাজী আলী আশ্রাফ রিপন প্রায় ছয় বছর ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে পর্যায়ক্রমে যুবদল হয়ে তিনি মূল দলের নেতৃত্বে এসেছেন।
আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বারেক খান বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে রিপন আন্তরিক ও কর্মীবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে দলীয় কার্যক্রম সক্রিয় রয়েছে। দলীয় সমর্থন পেলে যুবদলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন। তবে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক যাঁকে সমর্থন দেবেন, তাঁকেই তাঁরা সমর্থন করবেন।
আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মালও রিপনের রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতা-কর্মীদের পাশে থাকার কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, দলীয় সমর্থন পেলে ছাত্রদলের নেতা-কর্মীরা রিপনের পক্ষে কাজ করবেন। একই সঙ্গে দলের অভিভাবক হিসেবে শেখ ফরিদ আহম্মেদ মানিক যাঁকে সমর্থন দেবেন, তাঁরা তাঁর পক্ষেই ঐক্যবদ্ধ থাকবেন।
নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে কাজী আলী আশ্রাফ রিপন জানান, এসএসসি পাসের পর ১৯৯৭ সালে ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি হিসেবে তাঁর রাজনীতি শুরু হয়। পরে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপনের দাবি, রাজনৈতিক জীবনে তাঁকে নানা মামলা-হামলা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। এ সময়ে তিনি দলের নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। ইউনিয়নে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে শেখ ফরিদ আহম্মেদ মানিক তাঁকে সমর্থন দেবেন বলে তিনি আশাবাদী।
চেয়ারম্যান নির্বাচিত হলে আশিকাটি ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন রিপন। রাস্তাঘাটের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দলীয় সমর্থনের বিষয়ে রিপন বলেন, শেখ ফরিদ আহম্মেদ মানিক যাঁকে সমর্থন দেবেন, সবাই তাঁর পক্ষেই কাজ করবেন। একই সঙ্গে তিনি আশিকাটির সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।