
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার ২০ দিন অতিক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চাঁদপুর সীমানাধীন মেঘনা নদীসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ১৬০টি মামলা ও ৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ১৮৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাক্ষরিত সর্বশেষ অভিযানের তথ্যচিত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়ন এবং প্রশাসনের নজরদারিতে অভিযান পরিচালিত হচ্ছে। ২৮ অক্টোবর পর্যন্ত ২০ দিনে চাঁদপুর জেলায় ৯০টি মোবাইল কোর্ট পরিচালনা ও ২২৯টি পৃথক অভিযান চালানো হয়েছে। এ সময় ৩৬টি মাছ অবতরণ কেন্দ্র, ২৪৮টি মাছঘাট, ১ হাজার ২৫৩টি আড়ত এবং ২৬৯টি বাজার পরিদর্শন করা হয়।
অভিযানে ২.৭৩৯ মেট্রিক টন ইলিশ মাছ এবং ১১ লাখ ৮৫ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলা টাস্কফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের উপস্থিতিতে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমগীর হোসাইন, কোস্টগার্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।