
নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ‘রক্তাক্ত ২৮ অক্টোবর’ উপলক্ষে লগি-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী ও খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা এবং ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেদনাবিধুর ও কলঙ্কিত দিন। তাঁর দাবি, ওইদিন চারদলীয় জোট সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়ে বহু নেতা-কর্মীকে হত্যা করা হয়।
মিয়াজি আরও বলেন, বর্তমান সরকারও স্বৈরাচারী আচরণ শুরু করেছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, বিরোধী দলকে হুমকি-ধমকি দিয়ে দমনের চেষ্টা চলছে। তবে একদিন দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে এবং ইসলামী ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন। এতে বক্তব্য দেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ এবং প্রভাষক ওমর ফারুক।
অনুষ্ঠানে শহর জামায়াত নেতা আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো. হানিফ মোল্লা, তরপুরচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী ও শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।