
নিজস্ব প্রতিনিধি: ‘মাদক ছাড়ো, নয়তো বাবুরহাট ছাড়ো’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের বাবুরহাটে অনুষ্ঠিত হয়েছে একটি মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) চাঁদপুর-মতলব সড়কের পাশে মজুমদার বাড়িসংলগ্ন বালুর মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শৈয়বুল ইসলাম শিবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মজুমদার লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির কার্যনির্বাহী সদস্য চন্দন দে, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ্ব মেহেদী হাসান মাল, সদস্য সচিব খালেদুন বাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবুল বাশার মির্ধা ও হাবিবুর রহমান ফরহাদ, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফরহাদ মাল, সাধারণ সম্পাদক নাঈম মাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট মাল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের ভাষ্য, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করা এবং যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই আয়োজনের লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।